ডেস্ক রিপোর্ট
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নামার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে সেনেগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে চোটে হারাতে হয়েছে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন, গোলরক্ষক এদুয়াঁ মঁদিকে। ইরাকের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

৩৪ বছর বয়সী এই গোলরক্ষক নরওয়ের বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান। ম্যাচের ৬৩তম মিনিটে একটি সেভ করার চেষ্টা করতে গিয়ে আহত হন তিনি। তখন ৩-১ গোলে এগিয়ে ছিল নরওয়ে। পরে মাঠ ছাড়তে বাধ্য হন মঁদি। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় আফ্রিকার প্রতিনিধিরা।
সেনেগাল দলের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, চোটের কারণে ইরাকের বিপক্ষে খেলতে পারবেন না মঁদি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাঁটুর লিগামেন্ট-সংক্রান্ত সমস্যায় ভুগছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। তবে তার চোট কতটা গুরুতর এবং মাঠে ফিরতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। সেনেগাল দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, বিষয়টি পরিষ্কার করতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বিশ্বকাপে সেনেগালের জন্য এই ধাক্কা এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে তারা। একই অবস্থায় রয়েছে ইরাকও। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে।

তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি এখন সেনেগাল ও ইরাক—দুই দলের জন্যই মর্যাদা রক্ষার পাশাপাশি ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার লড়াই। সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ধরে রাখতে হলে জয়ের বিকল্প নেই সেনেগালের সামনে। কিন্তু সেই লড়াইয়ে দলের শেষ ভরসা হয়ে ওঠা গোলরক্ষককে ছাড়া মাঠে নামতে হবে তাদের। ফলে ইরাকের বিপক্ষে ম্যাচের আগে চাপটা আরও বেড়ে গেল সেনেগালের ওপর।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার রাত ১টায় মুখোমুখি হবে সেনেগাল ও ইরাক। বিশ্বকাপে টিকে থাকার শেষ আশা নিয়ে মাঠে নামবে দুই দলই।

