রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীর মন্দির ও পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি সচল রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি।
এ দাবিতে সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে স্মারকলিপিতে আট দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, মহানগরীর সব মন্দির ও পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও নিয়মিত টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা।
এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা ও প্রশাসনের সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাম্প্রদায়িক উসকানি, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণা, প্রতিমা ভাঙচুর ও নাশকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

স্মারকলিপিতে পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত নিরাপত্তা সমন্বয় সভা আয়োজনের পাশাপাশি নারী, শিশু, প্রবীণ ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত, যানজট নিয়ন্ত্রণ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তাঝুঁকির অভিযোগ দ্রুত গ্রহণ, যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যকর পদ্ধতি চালুর আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ উৎসব। প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা এবং নাগরিকদের সহযোগিতায় রংপুর মহানগরীতে নিরাপদ ও সম্প্রীতিময় দুর্গোৎসব উদ্যাপন সম্ভব।
রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী ও সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ স্মারকলিপিতে স্বাক্ষর করেন। তাঁরা জননিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উত্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান।

