ডেস্ক রিপোর্ট
বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন বলে হিজলা ফায়ার স্টেশন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার (২৫ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন— উপজেলার ধূলখোলা ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম জমাদ্দার (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (০৮) এবং একই এলাকার মো. হারুন বিশ্বাস (৪৫)।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়। মাঝ নদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ৮ জনের মধ্যে পাঁচজন যাত্রী পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। তবে তিনজন নিখোঁজ হন।
নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা নদীতে জাল ফেলে চেষ্টা করছেন। এছাড়াও উদ্ধার অভিযানে নৌ-পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরাও অংশ নিয়েছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।
হিজলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সুজন জানান, মঙ্গলবার সকালে বরিশাল সদর স্টেশন থেকে ডুবরি দল এসে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করবেন।
